২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ধীরে ধীরে ব্রাজিল জাতীয় দলের প্রথম একাদশ গঠন করছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে আনচেলত্তি ইতোমধ্যেই ১১ জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত হিসেবে চিহ্নিত করেছেন। তবে তারকা ফরোয়ার্ড নেইমারের জায়গা এখনও অনিশ্চিত।
আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে। ফলাফল হয়তো ঝলমলে না, তবে কোচ একটি স্থায়ী ও নির্ভরযোগ্য একাদশ গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছেন। এতে করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপার দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
গোলরক্ষক হিসেবে নিশ্চিত তালিকায় রয়েছেন আলিসন বেকার। রক্ষণভাগে খেলবেন ওয়েসলি, মার্কিনিউস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে অভিজ্ঞ কাসেমিরো ও ছন্দে থাকা ব্রুনো গিমারেসকে আস্থাভাজন হিসেবে দেখা হচ্ছে। আক্রমণে আস্থাভাজন খেলোয়াড়রা হলেন ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, রাফিনিয়া, রোদ্রিগো, ম্যাথিউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
প্রাথমিক সম্ভাব্য একাদশে গোলরক্ষক আলিসনের সামনে চারজন ডিফেন্ডার, দুইজন মধ্যমুখী খেলোয়াড় এবং চারজন আক্রমণভাজন থাকবে। অন্যদিকে মার্টিনেল্লি, কুনহা ও জোয়াও পেদ্রো মূলত রোটেশনের অংশ হিসেবে ব্যবহার করা হবে। নেইমারের বিশ্বকাপে খেলা ফিটনেস মূল্যায়নের ওপর নির্ভর করবে।
