রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনকে হ'ত্যা'র হু'ম'কি'র অভিযোগ, থানায় জিডি

রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনকে হ’ত্যা’র হু’ম’কি’র অভিযোগ, থানায় জিডি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনী প্রচারণার সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে হুমকি পান বলে তিনি দাবি করেছেন। এ ঘটনায় রাতেই পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপরিচিত একটি নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এদিকে শনিবার রাত ১১টার দিকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, তার আসনসহ দেশের বিভিন্ন স্থানে শাপলা কলির নেতাকর্মীরা বিভিন্ন সময় হুমকির মুখে পড়েছেন। প্রকাশ্যে ও গোপনে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ভয়ভীতি বা হুমকি দিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম থামানো যাবে না। তার দাবি, প্রতিপক্ষ কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং এর অংশ হিসেবেই এ ধরনের ঘটনা ঘটতে পারে।
আখতার হোসেন প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।