সংসদ নির্বাচনে লড়ছেন ২ হাজার ৩৪ প্রার্থী

সংসদ নির্বাচনে লড়ছেন ২ হাজার ৩৪ প্রার্থী

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২,০৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন ২৭৫ জন। নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বাধিক প্রার্থী দিয়েছেন বিএনপি। ধানের শীষ প্রতীকে দলটি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় পার্টি লাঙল প্রতীকে ১৯৮ জন প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২ জন প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে লড়াই করছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে সর্বাধিক ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে কম প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে, যেখানে মাত্র ২ জন প্রার্থী অংশ নিচ্ছেন।