জিয়াউল আহসানের বিরুদ্ধে গু'ম ও হ'ত্যা'র মা'ম'লা'য় আজ সাক্ষ্যগ্রহণ শুরু

জিয়াউল আহসানের বিরুদ্ধে গু’ম ও হ’ত্যা’র মা’ম’লা’য় আজ সাক্ষ্যগ্রহণ শুরু

জাতীয়

আওয়ামী লীগের আমলে ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। প্রথম দিনে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

রোববার (৮ ফেব্রুয়ারি) শুনানির শুরুতে প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য দেবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হবে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেয় আদালত। পরে ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারপ্রক্রিয়া আরও এগোবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।