আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তির মাধ্যমে শুল্ক হার ২০ শতাংশ থেকে কমিয়ে আনা হবে। ফলে পোশাক শিল্পসহ রপ্তানি ক্ষেত্রে শুল্ক শূন্য করার জন্য দরকষাকষি করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রনালয়ে বিমানের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাণিজ্য শুল্ক সমন্বয়ের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ২০৩৫ সালের মধ্যে ১৪টি বিমান ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও বলেন, নির্বাচনের আগে এই চুক্তি করা হচ্ছে যাতে পরবর্তী সরকার উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হয়। তিনি উল্লেখ করেন, এটি তাড়াহুড়োর বিষয় নয়, দেশের সার্বিক স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, গত এক বছরে আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশের ভাড়া অর্ধেক কমানো হয়েছে। আগামী হজ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন।
