বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে জাতীয় দলের এক সময়কার ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের বিষয় প্রকাশ করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী হুমায়রা সুবহা। অভিনয়ে এসে নাসির ইস্যু তার প্রতি আগের থেকেও বেশি নজর টেনে আনে। তবে এবার হুমায়রা সুবহা অন্য নাসিরকে নিয়ে মন্তব্য করেছেন।
সুবহা বলেন, “আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি, এরপর আমাদের বাক স্বাধীনতা যে পেয়েছি সেটা নাসীর পাটোয়ারীর কথা শুনলেই বোঝা যাচ্ছে। তিনি বাক স্বাধীনতার প্রোপার ব্যবহার করছেন।”
হুমায়রা সুবহা বনানীতে বসবাস করেন, যা ঢাকা-১৭ নির্বাচনী এলাকা। তিনি এই এলাকাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। সুবহা জানান, তিনি এখানে বিএনপির নির্বাচনী প্রচারণা কমিটিতেও রয়েছেন।
এর মধ্যে সুবহাকে ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন মিছিল ও মিটিংয়ে অংশ নিতে দেখা গেছে।
তিনি বলেন, “আপনারা সবাই জানেন, আমি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলাম। তখন আওয়ামী লীগ সরকারের সময় যেসব বিষয় আমার কাছে অনৈতিক মনে হতো, তা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। এক সময় মনে হলো, এত বড় আন্দোলনে অংশগ্রহণের পর এবার অফিসিয়ালি রাজনীতিতে নামা উচিত।”
আলোচিত এই অভিনেত্রী জানান, “আমার বাবা-চাচা যেহেতু বিএনপি করতেন, তাই আমি মনে করেছি এই দলটাই করব। এখনো আমার কোনো পদ নেই। প্রচারণা কমিটিতে রয়েছি। তাই আমি তারেক রহমানের হয়ে ভোট চাইছি। লিফলেট বিতরণ করার সময় মানুষ বলে, ‘আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব। উনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।’”
