পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং শতাধিক মুসল্লি আহত হন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগান নাগরিক রয়েছেন, যাকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজনদের ধরতে পরিচালিত অভিযানের সময় একজন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা প্রাণ হারান এবং আরও তিনজন আহত হন বলেও জানান তিনি।
শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকার একটি শিয়া মসজিদে এই আত্মঘাতী হামলা ঘটে। বিস্ফোরণের ঘটনায় বিপুল সংখ্যক মুসল্লি আহত হন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
ঘটনার পরদিন নিহতদের জানাজাকে কেন্দ্র করে ইসলামাবাদে শোকের পরিবেশ সৃষ্টি হয়। কড়া নিরাপত্তার মধ্যে জানাজা অনুষ্ঠিত হয় এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নিহত এক তরুণের স্বজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনায় তাদের পরিবার গভীরভাবে শোকাহত।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার সঙ্গে জড়িতদের অর্থায়ন ও লক্ষ্য নির্ধারণে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে হামলার নিন্দা জানিয়েছে।
