সাবিলা নূরকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়াচ্ছে, অভিনেত্রী দর্শকদের সতর্ক করলেন

সাবিলা নূরকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়াচ্ছে, অভিনেত্রী দর্শকদের সতর্ক করলেন

বিনোদন

সামাজিক মাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে তার কোনো বক্তব্য প্রকাশ করা হয়েছে, যা আদতে তিনি বলেননি।

এ বিষয়ে সাবিলা নূর তার ফেসবুক হ্যান্ডেলে সতর্ক করে লিখেছেন, “আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনও আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা কেবল মূলধারার গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হবে।”

অভিনেত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে এআই (Artificial Intelligence, AI) ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি বলেন, “হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে এগুলো বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।”

সাবিলা নূর দর্শকদের সচেতন থাকার আহবান জানান। তিনি বলেন, “আমার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। আশা করছি ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।”