ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা না তুলে দিলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ইসির দেওয়া নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রে ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। আজকের মধ্যে এটি পরিবর্তন না হলে আগামীকাল ইসিই ঘেরাও করা হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “ইলেকশন কমিশন যদি পক্ষপাতিত্ব করে, তবে ফ্যাসিস্ট আমলের নির্বাচনের চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা বাস্তবায়নের নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠান। নির্দেশনায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, কেন্দ্রের পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
