ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া

বিনোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সিদ্ধান্তে ভোটারদের মোবাইল ফোন ঘরে রেখে কেন্দ্রে যেতে হবে, ফলে তাৎক্ষণিক যোগাযোগ বা নাগরিক সাংবাদিকতার সুযোগ কমে যাবে। তার ভাষ্য, এমন সিদ্ধান্ত ভোটারদের নিরাপত্তাবোধ ও অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে।

তিনি আরও দাবি করেন, ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠলে মোবাইলের মাধ্যমে তা দ্রুত নথিভুক্ত করা সম্ভব হয়। তাই এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না। রোববার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্বাচনী দায়িত্বে থাকা নির্দিষ্ট আনসার সদস্যরা ফোন রাখতে পারবেন। নির্বাচন কমিশন বলছে, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বহু কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কোনো ধরনের গোলযোগ হলে অ্যাপের মাধ্যমে দ্রুত বার্তা পৌঁছে দিয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।