ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি এবং জনগণের প্রত্যাশা পূরণে দলটি রাষ্ট্র পুনর্গঠনে কাজ করতে চায়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের শাসন পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এগোতে চায় দলটি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, কঠিন সময়ে দেশত্যাগের সুযোগ থাকলেও তিনি দেশ ছাড়েননি। জনগণের সঙ্গেই ছিলেন। তার ভাষায়, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস এবং শুরু থেকেই জনগণের সমর্থন নিয়েই দলটি পথচলা অব্যাহত রেখেছে।
বিদেশগামী কর্মীদের সহায়তায় সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এতে জমিজমা বিক্রি না করেই বিদেশ যাওয়ার খরচ মেটানো সম্ভব হবে এবং পরবর্তীতে উপার্জিত অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা যাবে।
এ ছাড়া তরুণদের দক্ষ করে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তার মতে, এতে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বেকারত্ব কমাতে সহায়তা করবে।
