মার্কিন তেল অবরোধের প্রভাবে ক্যারিবিয়ান দেশ কিউবায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
জ্বালানি সংকটের কারণে অধিকাংশ সরকারি অফিস ও স্কুলের সময় কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চালু রয়েছে। রাস্তায় যানবাহন কমে গেছে, আর অনেক পরিবার রান্নার জন্য কাঠ ও কয়লার ওপর নির্ভর করছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল জরুরি বিধিনিষেধ জারি করেছেন। কর্মসপ্তাহ চার দিনে নামিয়ে আনা হয়েছে, আন্তঃপ্রদেশ পরিবহন সীমিত করা হয়েছে এবং বড় পর্যটন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকার জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাস্থ্যসেবা, খাদ্য উৎপাদন এবং প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। পাশাপাশি সৌর ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে কিউবা আন্তর্জাতিক বাণিজ্যে নানা সীমাবদ্ধতার মুখে পড়েছে। তেল সরবরাহের জন্য দেশটি মূলত কয়েকটি মিত্র দেশের ওপর নির্ভরশীল ছিল। সরবরাহ ব্যাহত হওয়ায় বর্তমান সংকট আরও তীব্র হয়েছে।
