জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে অনেকেই আগেভাগেই গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হলেও ভোট উপলক্ষে বাড়তি সময় হাতে রাখতে চান যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি অনেকটা ঈদযাত্রার মতো, আর আগামীকাল থেকে চাপ আরও বাড়তে পারে। ইতোমধ্যে দূরপাল্লার বাসের আগাম টিকিট প্রায় শেষ হয়ে এসেছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও একই চিত্র দেখা গেছে। ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। কয়েক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন—এমন অনুভূতির কথাও জানান অনেকে। তাই আগেভাগেই নিজ এলাকায় পৌঁছাতে চান তারা।
