কোথায় ভোট দেবেন তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা

কোথায় ভোট দেবেন তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা

রাজনীতি

রাজনৈতিক পটপরিবর্তনের প্রত্যাশা ও উৎসবের আবহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে প্রস্তুত পুরো দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কোথায় ভোট দেবেন—তা নিয়েও আগ্রহ দেখা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট দেবেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে এবারের নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি রাজধানীর গুলশান-২ এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এবং বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

এ ছাড়া ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে ভোট দেবেন। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আগ্রহ বাড়ছে। শীর্ষ নেতাদের অংশগ্রহণ ভোটারদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।