ভোটের আগে যেভাবে জানবেন নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

ভোটের আগে যেভাবে জানবেন নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট দেওয়ার আগে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জেনে নেওয়া জরুরি। অনেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরকে ভোটার নম্বর ভেবে ভুল করেন। অথচ এই দুটি আলাদা বিষয়। আগেভাগে সঠিক তথ্য জেনে নিলে ভোটের দিন ভোগান্তি এড়ানো যায় এবং সময়ও বাঁচে।

এবার ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন ঘরে বসেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে।

প্রথমত, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে “স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি” অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” নির্বাচন করে “ভোটকেন্দ্র খুঁজুন” অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, সিরিয়াল নম্বর এবং কেন্দ্রের নাম-ঠিকানা দেখা যাবে।

দ্বিতীয়ত, ভোটাররা সরাসরি ১০৫ নম্বরে কল করেও তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সময় এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে।

তৃতীয়ত, এসএমএসের মাধ্যমেও তথ্য জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <স্পেস> এনআইডি নম্বর, এরপর তা ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে “ভোটকেন্দ্র” মেনু থেকে এলাকা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যায়। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব। অনেক ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপেও দেখা যায়।

নির্বাচনের দিন ভিড় ও বিভ্রান্তি এড়াতে আগেই নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।