ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য পুলিশ সদর দপ্তর ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশকে প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, উপহার গ্রহণ, ব্যক্তিগত পছন্দ প্রকাশ এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সদস্যরা প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপঢৌকন বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না। ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ, প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ, কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করার চেষ্টা, রাজনৈতিক মতাদর্শ প্রকাশ, গালিগালাজ বা হুমকিসহ অবমাননাকর আচরণও কঠোরভাবে নিষিদ্ধ।
সদর দপ্তর আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট, শেয়ার বা মন্তব্য করা, দায়িত্বকালে অপ্রয়োজনে মোবাইল ব্যবহার এবং ভোটসংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ করা যাবে না। ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী প্রার্থী নিয়ে পূর্বানুমান-কথোপকথনও নিষিদ্ধ।
অফিসিয়াল অনুমতি ছাড়া স্পর্শকাতর ছবি বা ভিডিও প্রেরণ, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, জনসমাগমে অযথা থাকা, ফুটপাত বা টং দোকানে বসা এবং বাদাম, ভাপা পিঠা, চানাচুর, জিলাপি, বিস্কুট, কলা ইত্যাদি মুখরোচক খাবার গ্রহণও নিষিদ্ধ।
এ ছাড়া শোভন পোশাক পরিধান না করা এবং অপেশাদার কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
