ভোটের ফল কখন পাওয়া যাবে?

ভোটের ফল কখন পাওয়া যাবে?

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ায় ফল কখন প্রকাশ হবে তা নিয়ে আলোচনা চলছে। এবারের নির্বাচন বিশেষ, কারণ প্রথমবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ফলে ফলাফল গণনা ও প্রকাশে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, শুক্রবার সকালে কিছু কেন্দ্রের ফল পাওয়া যাবে। তবে সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পূর্ণাঙ্গ ফলাফল শুক্রবার বিকেলের মধ্যে প্রকাশিত হতে পারে। কারণ এবার দুটি ব্যালট পেপারের সঙ্গে পোস্টাল ব্যালটও গণনা করতে হবে। কেন্দ্রে ফলাফল পাওয়ার পর আসনভিত্তিক ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একীভূতভাবে ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ফলাফল ঘোষণার চেষ্টা হবে দ্রুত। আশা করছি ১৩ ফেব্রুয়ারির প্রথম ভাগেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হয়। “পরের দিন শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ হওয়ার আশা করছি। তবে দুটি ব্যালট ও পোস্টাল ব্যালটের কারণে কিছুটা সময় বেশি লাগবে।”

তিনি আরও বলেন, “পোস্টাল ব্যালটসহ সকল গণনা করতে সময় লাগবে। সেন্টারভিত্তিক গণনা আগে শেষ হবে, কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কিছু কেন্দ্রের গণনায় সময় বেশি লাগতে পারে।”