শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা

শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা

রাজনীতি

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ভোট চলাকালে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বই পরে উদ্ধার করা হয়, যেখানে ধানের শীষ প্রতীকে আগে থেকেই সিল দেওয়া ছিল। বাকি দুটি ব্যালট বই প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদকে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় বেলাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার দিকে পোলিং এজেন্টের বাইরে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল। পরে একটি ব্যালট বই উদ্ধার করা হয়, যেখানে ধানের শীষ প্রতীকে ৬০টি সিল দেওয়া অবস্থায় পাওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাকি দুটি বই পরে ফেরত দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।