টাঙ্গাইলে পালিত হচ্ছে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস

টাঙ্গাইলে পালিত হচ্ছে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস

ঢাকা দেশ জুড়ে

ঋতুরাজ বসন্তের আগমন আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে টাঙ্গাইল জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর শহর ও আশপাশের এলাকায় তরুণদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ দেখা গেছে। প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে লাল গোলাপ, বাহারি উপহার এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছেন শহরবাসী।

শহরের পৌর উদ্যান, ডিসি লেক, এসপি পার্ক, মণতলা, ঘারিন্দা সোলপার্ক এবং যমুনা রিসোর্ট-সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রকে ঘিরে বাড়তি সাজসজ্জা করা হয়েছে। সকাল থেকেই এসব স্থানে ঘুরতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

সরেজমিনে শহরের ভিক্টোরিয়া রোড, সমবায় মার্কেট, মেইন রোড ও নিরালা মোড় এলাকার ফুল ও উপহারের দোকানগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। দোকানিরা লাল গোলাপ, রজনীগন্ধা, জারবেরা ও অর্কিডসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়েছেন। ব্যবসায়ীরা জানান, বসন্ত ও ভালোবাসা দিবস একসঙ্গে হওয়ায় ফুলের চাহিদা কয়েকগুণ বেড়েছে। গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহ কমেনি।

উপহারের দোকানগুলোতেও তরুণ-তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কার্ড, মগ, শোপিস, পারফিউম এবং কাস্টমাইজড উপহার কিনতে ব্যস্ত ছিলেন তারা। শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফে বিশেষ সাজসজ্জা এবং দিবস উপলক্ষে তৈরি মেনু দিয়ে গ্রাহক টানার চেষ্টা করেছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও ছোট পরিসরে নানা আয়োজন করেছে।

নিরাপত্তা প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, শহরের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সব মিলিয়ে বসন্তের দখিনা হাওয়া আর ভালোবাসার আবহে দিনটি টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে কেটেছে।