মানিকগঞ্জ-৩ ১৫১ কেন্দ্রের সবগুলোতেই জিতেছেন আফরোজা খানম

মানিকগঞ্জ-৩ : ১৫১ কেন্দ্রের সবগুলোতেই জিতেছেন আফরোজা খানম

রাজনীতি

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা ইতিহাস সৃষ্টি করে জয়লাভ করেছেন। তাঁর সংসদীয় আসনের সব কেন্দ্রেই প্রাধান্য পাওয়া এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩ হাজারের বেশি ভোট পাওয়ার মাধ্যমে তিনি এই আসনের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর ৬৪ হাজার ২৪২ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মানিকগঞ্জ সদরের ৮টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ১৫১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লক্ষ ৯৫ হাজার ৮৫২। এর মধ্যে ২ লক্ষ ৬৮ হাজার ৩৪৩ জন ভোট প্রদান করেন।

আফরোজা খানম রিতার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০০১ সালে তার বাবার নেতৃত্বে প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মাধ্যমে। ২০০৮ সালে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন এবং ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতি হন। ২০২১ সালে সরাসরি ভোটে ৪৫ কাউন্সিলের মধ্যে ৪২ ভোট পেয়ে পুনরায় জেলা সভাপতি নির্বাচিত হন।

গত ২ ফেব্রুয়ারি আফরোজা খানমকে জেলা বিএনপির সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়। তিনি দলের জেলা সাংগঠনিক কমিটির একমাত্র নারী সভাপতি এবং চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যও।

জয়লাভের পর আফরোজা খানম রিতা বলেছেন, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আধুনিক মানিকগঞ্জ গড়ে তোলাই আমার লক্ষ্য। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় সকল ভোটারকে ধন্যবাদ। আমি সকলের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”