ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়।
বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এটি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সাংবিধানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জনগণের সুস্পষ্ট রায় গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি তারেক রহমানের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাও স্মরণ করেন এবং বলেন, সেই অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সমন্বিত নেতৃত্ব অপরিহার্য। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য, আইনের শাসন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্যও ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের এই সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল।
শুভেচ্ছা বার্তার শেষে দেশ পুনর্গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সাফল্য কামনা করেন মুহাম্মদ ইউনূস।
