আজ বসন্তের প্রথম দিন, একইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর এই রঙিন সূচনা আর ভালোবাসার আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন শোবিজ তারকারা। গতকাল থেকেই বসন্তের সাজে ছবি পোস্ট করতে দেখা গেছে অনেককে, আর আজ প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন কেউ কেউ।
ভালোবাসা দিবসের সকালে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাপি ভ্যালেন্টাইন ডে”।
অন্যদিকে দিবসের প্রথম প্রহরেই স্বামী আদনানের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, তারা দীর্ঘ বন্ধুত্ব ও ভালোবাসার পথ পেরিয়ে একসঙ্গে সংসার করছেন, এবং নতুন করে শুরু করার সুযোগ এলেও তিনি একই মানুষকেই বেছে নিতেন।
এর আগের দিন বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন, যেখানে তিনি ফাল্গুনের শুভেচ্ছা জানান।
বসন্তের রঙে নিজেকে সাজিয়ে ছবি শেয়ার করেন সংগীতশিল্পী কনা। হলুদ পোশাকের ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ফাল্গুনে ঘোরাঘুরি”।
এদিকে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের একটি ছবি পোস্ট করে বসন্তের শুভেচ্ছা জানান সুনেরাহ বিনতে কামাল।
ঋতুর রঙ আর ভালোবাসার আবহে তারকাদের এমন উপস্থিতিতে বসন্ত ও ভালোবাসা দিবস সামাজিক যোগাযোগমাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
