ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, শপথ অনুষ্ঠান খুব দ্রুত সম্পন্ন করা হবে এবং সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই তা শেষ হবে।
শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি-তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, নির্বাচনের পরদিন থেকেই শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে স্পিকারের অনুপস্থিতিতে কে শপথ পড়াবেন—সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, শপথ আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং বাকি প্রক্রিয়াগুলো দ্রুত এগিয়ে চলছে। প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট টিম স্মুথ ট্রানজিশনের লক্ষ্যে কাজ করছে।
প্রেসসচিবের ভাষ্য অনুযায়ী, সংসদ সচিবালয়ের সঙ্গে সমন্বয় এবং বঙ্গভবন প্রস্তুতের বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল তদারকি করছেন।
