আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সংসদীয় দলের প্রধান নির্বাচন করা হতে পারে। বিকাল ৪টার দিকে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান সংসদ ভবনের সাউথ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে রাষ্ট্রপতি শপথ পরিচালনা করবেন বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে বৈঠকে তিনি শুনেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে।
শপথ অনুষ্ঠান সংসদ ভবনের সাউথ প্লাজায় আয়োজনের বিষয়ে তিনি বলেন, বিএনপি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। তার মতে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আত্মত্যাগ ও ঐতিহাসিক ঘটনাবলির কারণে এই সংসদ প্রাঙ্গণের আলাদা গুরুত্ব রয়েছে। অতীতের নানা স্মৃতিবিজড়িত ঘটনার কারণে সাউথ প্লাজা একটি তাৎপর্যপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
