টাঙ্গাইলে ৮টি আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

টাঙ্গাইলে ৮টি আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ঢাকা দেশ জুড়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পাওয়ায় ২৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে না পারলে প্রার্থীরা জামানতের টাকা ফেরত পান না।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রতিটি আসনে মোট কাস্ট হওয়া ভোটের ভিত্তিতে জামানত ফেরতের জন্য আলাদা আলাদা ন্যূনতম ভোট নির্ধারিত ছিল। টাঙ্গাইল-১ আসনে চারজন, টাঙ্গাইল-২ আসনে দুইজন, টাঙ্গাইল-৩ আসনে দুইজন এবং টাঙ্গাইল-৪ আসনে তিনজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান।

একইভাবে টাঙ্গাইল-৫ আসনে সাতজন, টাঙ্গাইল-৬ আসনে পাঁচজন, টাঙ্গাইল-৭ আসনে একজন এবং টাঙ্গাইল-৮ আসনে তিনজন প্রার্থী নির্ধারিত সীমার কম ভোট পান। ফলে এসব প্রার্থীর প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচন কর্মকর্তারা জানান, এই বিধান প্রার্থীদের জন্য সমানভাবে প্রযোজ্য এবং নির্বাচনী আইন অনুযায়ী তা কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে কয়েকজন আগের জাতীয় নির্বাচনেও একই পরিস্থিতির মুখে পড়েছিলেন।

এই নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক ভালো থাকলেও বেশ কয়েকটি আসনে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট সংগ্রহ করতে পারেননি। ফলে জামানত হারানোর সংখ্যা বেড়েছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।