জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথস্থল ত্যাগ করেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
পরবর্তী সময়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতও কোনো শপথ নেবে না। একই অবস্থানের কথা জানায় জাতীয় নাগরিক পার্টিও। এতে সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক আলোচনা ও টানাপোড়েন তৈরি হয়েছে।
