বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে ভারতের নির্বাচন কমিশনের তা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে সংসদ নির্বাচন হয়েছে এবং অনেকেই সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কা করেছিলেন। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তার মতে, ভারত একটি গণতান্ত্রিক দেশ—এ অবস্থায় নির্বাচন পরিচালনায় কোনো দুর্বলতা থাকলে তা কমিশনের জন্য লজ্জার বিষয় এবং এ ক্ষেত্রে শিক্ষা নেওয়া জরুরি।
ভারতের নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ আখ্যা দিয়ে মমতা অভিযোগ করেন, হুমকির রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষায়, এ ধরনের আচরণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যা অতীতের রাজতন্ত্রেও দেখা যায়নি।
সামনে পশ্চিমবঙ্গসহ ভারতের আরও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু কমিশন দেখেছেন, কিন্তু এমন পক্ষপাতদুষ্ট আচরণ আগে দেখেননি। তার অভিযোগ, কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে।
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য হুমকি। তার মতে, রাজ্যগুলোর বিষয়ে অযথা হস্তক্ষেপ সাংবিধানিক ভারসাম্য নষ্ট করছে এবং সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।
