হ্যামাগেরে কালাইয়ের ছল এখন মন্ত্রী, হ্যামরা অনেক খুশি

হ্যামাগেরে কালাইয়ের ছল এখন মন্ত্রী, হ্যামরা অনেক খুশি

ঢাকা দেশ জুড়ে

স্বাধীনতার পর প্রথমবারের মতো জয়পুরহাটের কালাই উপজেলা থেকে একজন প্রতিনিধি মন্ত্রিসভায় জায়গা পাওয়ায় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। জয়পুরহাট-২ আসনের গ্রামেগঞ্জে এ খবরে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

গ্রামের বাসিন্দারা গর্বের সঙ্গে বলছেন, তাদের এলাকার সন্তান এখন মন্ত্রী। ৮০ বছর বয়সী রহিমা বেওয়া আবেগভরা কণ্ঠে বলেন, স্বাধীনতার পর এত বছরেও তাদের এলাকা থেকে কেউ মন্ত্রী হননি। এবার সেই আক্ষেপ ঘুচেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রী গরিব মানুষের পাশে দাঁড়াবেন।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেন, এটি কালাইবাসীর জন্য গর্বের মুহূর্ত। তার মতে, এ অর্জন শুধু একজন ব্যক্তির নয়, পুরো এলাকার সম্মানের বিষয়। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনে করছেন, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত সততার কারণে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।

নবনির্বাচিত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, কালাই ও জয়পুরহাটবাসীর ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিন পর এ অঞ্চল থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও। তিনি সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি।

গ্রামের চায়ের দোকান থেকে হাটবাজার—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। মানুষের প্রত্যাশা, তাদের এলাকার এই সন্তান উন্নয়ন ও সুশাসনে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

প্রসঙ্গত, সাবেক সচিব আব্দুল বারী ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে ছাত্র সংসদের সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। পরে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে মাঠ প্রশাসন থেকে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিভিন্ন জেলায় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জাতীয় পর্যায়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। অবসরের পর এলাকায় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন।