চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’ স্লোগানকে সামনে রেখে অসহায়, গরিব ও কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শাহরাস্তি থানা আওতাধীন বিভিন্ন গ্রামে ২০০টি পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পেঁয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছোলা, মুড়ি এবং খেজুর।
ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংস্থার সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতা উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, “সামাজিক সংগঠন নিয়ে হিংসা বা ঈর্ষা একটি সাধারণ সমস্যা। এটি মূলত অন্যের সাফল্য, ভিন্ন মতাদর্শ বা রাজনৈতিক বিভাজন থেকে জন্ম নেয়। সমাজে অস্থিরতা কমাতে সামাজিক বৈষম্য দূর করা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্মান ও সহনশীলতা গড়ে তোলা এবং সামাজিক আন্দোলন তৈরি করা প্রয়োজন।”
এ সময় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সংস্থাগুলিকে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
