ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেহব্যবসায় বাধ্য হওয়া এক বাংলাদেশি নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাসের মধ্যে এ অভিযান পরিচালিত হয়। গত সাত দিনের মধ্যে ওই এলাকায় এটি পুলিশের দ্বিতীয় বড় অভিযান।
এর আগে ১২ ফেব্রুয়ারি একই স্থান থেকে দুজন বাংলাদেশি নারী ও কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের পুলিশ দল অভিযান চালায়। অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা নাবালিকাদের শনাক্ত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।
পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যেসব ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু করা হবে। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের আওতায় মামলা দায়েরের পাশাপাশি উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
