সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ব্যক্তিগত অভ্যাস শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম।’ সেখানে দেখা যায়, সামনে বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন এই অভিনেত্রী।
ভিডিওতে কেয়া পায়েল জানান, ইদানীং অনেকেই তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন। তার ভাষ্য অনুযায়ী, স্কিনের গ্লোর পেছনে ‘পায়েল বাই পায়েল’ একটি কারণ হলেও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বরফ পানি ব্যবহার।
তিনি বলেন, মুখে বরফ পানি দিলে ঘুম দ্রুত কেটে যায় এবং এটি ত্বকের জন্যও উপকারী। কথার সঙ্গে সঙ্গে বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে দেখান কীভাবে সকালে এভাবেই তিনি ঘুম দূর করেন।
ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই তা ভাইরাল হয়ে যায়। প্রকাশের এক দিনের মধ্যেই ভিডিওটি ৬ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে।
