প্রথমবারের মতো একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার পর তিনি মোনাজাত করেন।
পরে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জামায়াত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কী মনে করে এলেন—এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটি তার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আসা তার কর্তব্য বলেও উল্লেখ করেন তিনি।
এখনো কি জামায়াতে ইসলামী শহীদ মিনারে ফুল দেওয়া নাজায়েজ মনে করে—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, পবিত্র একটি দিনে এ ধরনের প্রশ্ন না করাই ভালো।
