মামুনুল হকের বিরুদ্ধে মা'ম'লা প্রসঙ্গে ববি হাজ্জাজের বক্তব্যে খেলাফত মজলিসের কড়া প্রতিক্রিয়া

মামুনুল হকের বিরুদ্ধে মা’ম’লা প্রসঙ্গে ববি হাজ্জাজের বক্তব্যে খেলাফত মজলিসের কড়া প্রতিক্রিয়া

জাতীয়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে— শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। তাদের দাবি, ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে অনিয়ম ও অব্যাহত মিথ্যাচার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ প্রতিক্রিয়া জানান।

এর আগে একই দিন সকালে নির্বাচনের দিন আহত হওয়া বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে দেখতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যান ববি হাজ্জাজ। সেখানে তিনি কেন্দ্র দখল ও হামলার অভিযোগ তুলে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন।

খেলাফত মজলিসের বিবৃতিতে ববি হাজ্জাজের বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। হত্যাচেষ্টা মামলার হুমকির নিন্দা জানিয়ে দলটি দাবি করে, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তাদের ভাষ্য, জনগণের রায়কে আড়াল করতেই মামলা ও অপপ্রচারের আশ্রয় নেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকে মামুনুল হকের পক্ষে জনসমর্থন স্পষ্ট হওয়ার পর ফলাফল বিকৃতির চেষ্টা হয়েছে। বৈধ ভোট বাতিল, ফলাফল শিটে টেম্পারিং এবং চূড়ান্ত ফল পরিবর্তনের অভিযোগও তোলা হয়। একাধিক টেলিভিশন চ্যানেলে তাকে বিজয়ী ঘোষণা করার পর ফল সংশোধন করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া ও ফল স্থগিতের অনুরোধ সত্ত্বেও দ্রুত গেজেট প্রকাশের বিষয়েও অসন্তোষ জানায় দলটি।

বিবৃতিতে অতীতেও মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে বর্তমান পরিস্থিতির সঙ্গে তার মিল খোঁজা হয়েছে। পাশাপাশি ববি হাজ্জাজের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।