৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

জাতীয়

ছয়জন মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এবং দুইজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোট নয়জনকে নিয়োগ দিয়েছে সরকার। মন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা বা প্রতিমন্ত্রী যতদিন পদে বহাল থাকবেন অথবা তাদের এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের এপিএস হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আকবর হোসেন। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর এপিএস হয়েছেন মো. আল মুনজির বিন ওবায়েদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল আউয়াল। খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের এপিএস হয়েছেন মো. আমিনুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মীর সোলাইমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস হয়েছেন মো. তৌহিদুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী পরিচালক মো. খাইরুল আমিন।