মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসে নির্ধারিত সময়ে উপস্থিতি এবং অফিস ত্যাগের নির্দেশনা জারি করেছে।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ থেকে সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বিষয়টি বাধ্যতামূলক।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সাপ্তাহিক ছুটি বা অন্যান্য ছুটির দিনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এছাড়া সকল দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীনস্থ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
