পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার সহযোগিতা ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখল করা হয়েছে।
আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যা সমাধান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে যেসব জটিলতা রয়েছে তা চিহ্নিত করা হয়েছে। সরকার এ প্রকল্পকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও প্রয়োজন। খনন কর্মসূচিকে একটি আন্দোলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ উদ্যোগের সূচনা করেছিলেন।
