গভর্নর নিয়োগে ‘দুর্বল পদক্ষেপ’ নিয়েছে সরকার: সিপিডি

গভর্নর নিয়োগে ‘দুর্বল পদক্ষেপ’ নিয়েছে সরকার: সিপিডি

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নয়া সরকার একটি ‘দুর্বল পদক্ষেপ’ নিয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, বর্তমান গভর্নরের সঙ্গে খেলাপি ঋণ ও বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ যুক্ত হওয়ায় সরকার চাইলে আরও গ্রহণযোগ্য ও সমালোচনামুক্ত ব্যক্তিকে নিয়োগ দিতে পারত। এমন সক্ষম লোকবল সরকারের হাতে ছিল বলেও দাবি করেছে তারা।

শনিবার রাজধানীতে সিপিডি কার্যালয়ে ‘নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে বর্তমানে বয়স ন্যূনতম ৩৫ বছর হওয়া ছাড়া আর কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। ভবিষ্যতে এ নিয়োগ প্রক্রিয়াকে আইনবদ্ধ ও সুস্পষ্ট মানদণ্ডভিত্তিক করার পরামর্শ দেন তিনি।

একই ব্রিফিংয়ে নতুন সরকারকে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ দেয় সিপিডি। পাশাপাশি বিদ্যুৎ খাতে সতর্ক নজরদারি বজায় রাখার আহ্বান জানানো হয়।

খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি বৈষম্যমূলক এবং শর্তের বেড়াজালে বাংলাদেশ আটকে পড়েছে। এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় এ চুক্তি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বড় অবকাঠামো উন্নয়নে সরকারের আর্থিক সক্ষমতা সীমিত উল্লেখ করে ধীরে চলো নীতি গ্রহণের পরামর্শ দেন সিপিডির এই পরিচালক।