জুহুতে বিলাসবহুল বাড়ি ভাড়া নিলেন শ্রদ্ধা কাপুর, মাসিক ভাড়া ৬ লাখ টাকা

জুহুতে বিলাসবহুল বাড়ি ভাড়া নিলেন শ্রদ্ধা কাপুর, মাসিক ভাড়া ৬ লাখ টাকা

বিনোদন

বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়েছেন। নিজের একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও নতুন ঠিকানায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নতুন চুক্তি অনুযায়ী, এই বাড়ির জন্য তাকে প্রতি মাসে ৬ লাখ টাকা ভাড়া দিতে হবে। সে হিসেবে বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লাখ টাকা। প্রায় ৩,৯২৯ বর্গফুটের বিশাল এই বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থাও রয়েছে।

জুহু এলাকা বলিউড তারকাদের আবাস হিসেবে সুপরিচিত। এখানে বসবাস করেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশন-এর মতো তারকারা। অধিকাংশ বাড়িই সমুদ্রমুখী এবং কড়া নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত।

বলিউডে তারকাদের ভাড়া বাড়িতে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে ইমরান খান মাসে ৯ লাখ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। একইভাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন মাসে ৭ লাখ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় আসেন।

শ্রদ্ধা কাপুর সাধারণত বেছে বেছে কাজ করেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ ছবি বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি।