মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, ২৭ ফ্লাইট বাতিল; ভোগান্তিতে প্রবাসী যাত্রীরা

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, ২৭ ফ্লাইট বাতিল; ভোগান্তিতে প্রবাসী যাত্রীরা

জাতীয়

ইরানে মার্কিন-ইসরায়েল হামলার জেরে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তা ঝুঁকির কারণে আজও মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (১ মার্চ) সকালেও রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইটের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন যাত্রীরা।

বিমান চলাচল কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা না থাকায় অনেক যাত্রী বিমানবন্দরেই অবস্থান করছেন। কারও কারও ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় অনিশ্চয়তা আরও বেড়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ পুরোপুরি নিরাপদ ঘোষণা করা হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার আহ্বানও জানানো হয়েছে।