খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজনীতি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর শাহাদাতের সংবাদে শোক প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। রোববার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোক ও সমবেদনা জানান। পোস্টে তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ যেন তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।

ডা. শফিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সামরিক পদক্ষেপ বন্ধ করে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।