ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের আগের যাত্রা সহজ করার জন্য বাংলাদেশ রেলওয়ে আগামী ৩ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ায় রেলওয়ে এবারও বিশেষ ব্যবস্থায় ট্রেনের আসন সরবরাহ নিশ্চিত করছে।

যাত্রীদের সুবিধার্থে সব অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টায় পাওয়া যাবে।

রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতরের বিশেষ ট্রেনযাত্রা প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্রি সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট ৩ মার্চ থেকে, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ থেকে, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ থেকে, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ থেকে, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ থেকে, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ থেকে এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ থেকে পাওয়া যাবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে। নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন পর্যন্ত টিকিট কিনতে পারবেন এবং কোনো টিকিট রিফান্ডযোগ্য হবে না।