টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (ভিপি জোয়াহ) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান প্রথম জানাজার ইমামতি করেন।
এরপর বেলা ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জোয়াহেরুল ইসলাম সোমবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ক্লিনিক থেকে মরদেহ টাঙ্গাইলে পৌঁছান। বেনাপোল চেকপোস্ট দিয়ে মরদেহ দেশে আনা হয় এবং পরে ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তার বাসভবনে আনা হয়।
তার ছোট ভাই আতোয়ার রহমান জানান, জোয়াহেরুল ইসলাম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগ ও মাল্টি অর্গান ফেইলিওরের কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন।
মরহুমের জানাজায় অংশ নেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় নেতারা, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
জোয়াহেরুল ইসলাম পেশায় টাঙ্গাইল আদালতের আইনজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি এবং করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দু’বার নির্বাচিত ভিপি ছিলেন। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
