৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা না দিলে আবেদন আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরমটি অবশ্যই পূরণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, যেসব প্রার্থী ইতোমধ্যে সনদের হার্ডকপি কমিশনে জমা দিয়েছেন, তাদেরকেও বাধ্যতামূলকভাবে গুগল ফরমটি পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ না করলে তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
কমিশন জানিয়েছে, আগামী ৩১ মার্চের পর মনোনয়ন স্থগিত থাকা প্রার্থীদের কোনো আবেদন আর গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।
