ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আজ নবম দিন। এরই মধ্যে কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবি করেছে ইরান।
শনিবার (৭ মার্চ) দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এই দাবি করেন।
পোস্টে তিনি লেখেন, কৌশলে মার্কিন প্রশাসন এই বন্দি হওয়ার খবরটি গোপন রাখার চেষ্টা করছে।
তবে ইরানের এই দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, “এসব সম্পূর্ণ মিথ্যা। ইরান বিভ্রান্তি ছড়াচ্ছে।”
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর একজন মুখপাত্রও ইরানের দাবিকে “ভিত্তিহীন অপপ্রচার” বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
