ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতাবা হোসেইনি খামেনিকে দেশটির পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। ১৯৭৯ সালে রাজতন্ত্রের অবসান ও ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার পর তিনি হতে যাচ্ছেন ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করা হয়।
ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মুজতাবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়।
অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতার প্রতি দেশবাসীকে সমর্থন জানানোরও আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো।
খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
