জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের নির্দেশ

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের নির্দেশ

জাতীয়

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা পত্রে বিষয়টি জানানো হয়েছে।

পত্রে বলা হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তেলের অবৈধ মজুদ গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধ করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে একটি ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।