হাদি হ'ত্যা : আসামি ফয়সাল-আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

হাদি হ’ত্যা আসামি ফয়সাল-আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

জাতীয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ হাদি হত্যার প্রধান আসামি ও মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করেছে। তাদের দুজনকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে আটক গোয়েন্দা সূত্র জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ গত শনিবার (৭ মার্চ) রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে তাদের আটক করে। পরে এ ঘটনায় একটি মামলা করা হয় এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই এবং পশ্চিমবঙ্গের গণমাধ্যম **‘এই সময়’**ও তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

হত্যার পর ভারতে পালিয়ে আত্মগোপন গত ১২ ডিসেম্বর ঢাকায় সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আত্মগোপন করেন বলে জানা যায়। পশ্চিমবঙ্গ পুলিশ এই গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

গোয়েন্দা সহযোগিতায় গ্রেপ্তার বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিজিএফআইয়ের নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। সে সময় তিনি ভারতীয় কর্তৃপক্ষকে ওসমান হাদি হত্যা মামলার আসামিসহ বিভিন্ন সন্ত্রাসীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দুই আসামিকে আটক করতে সক্ষম হয়।

হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ করে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি গুলি চালালে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বর্তমানে ভারতে আটক ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।