রাজধানীতে আজও জ্বালানি তেলের সংকট, পাম্পে দীর্ঘ সারি

রাজধানীতে আজও জ্বালানি তেলের সংকট, পাম্পে দীর্ঘ সারি

ঢাকা দেশ জুড়ে

রাজধানীতে আজও জ্বালানি তেলের সংকট দেখা গেছে। সরবরাহ ঘাটতির কারণে মঙ্গলবার (১০ মার্চ) সকালে বেশ কয়েকটি তেল পাম্প স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি।

তেল নিতে এসে অনেক মোটরসাইকেল ও গাড়িচালককে ফিরে যেতে দেখা গেছে। তবে যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলো সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছে।

তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, জ্বালানি নিতে যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালককে দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করার পর তেল নিতে হয়েছে। ভোগান্তির কথা জানিয়ে চালকরা বলেন, এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের কেউ কেউ অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করছে।

এদিকে চলমান সংকট মোকাবিলায় ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে এবং মঙ্গলবারের মধ্যেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে।