ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা নিয়ে নতুন নির্দেশনা

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা নিয়ে নতুন নির্দেশনা

জাতীয়

পবিত্র শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে দেশের সব তফসিলি ব্যাংক টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে। তবে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন শবেকদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

এ সময় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।