নেত্রকোনার কেন্দুয়ায় ৩০ কেজি গাঁ'জা'স'হ ৪ মা'দ'ক কারবারি আ'ট'ক

নেত্রকোনার কেন্দুয়ায় ৩০ কেজি গাঁ’জা’স’হ ৪ মা’দ’ক কারবারি আ’ট’ক

দেশ জুড়ে ময়মনসিংহ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় কেন্দুয়া-আঠারবাড়িগামী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কবির (৩৪), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের মো. সোহাগ মিয়া (২৮), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইসুলিয়া গ্রামের মো. রিপন মিয়া (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২২)।

অভিযানকালে সড়কে একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। পরে অটোরিকশার পেছনে ইঞ্জিনের পাশে কৌশলে লুকানো অবস্থায় ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। এরপর চারজনকে আটক করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।